কার্ডধারীর পাশাপাশি টিসিবির পণ্য কিনতে পারবেন অন্যরাও

জুমবাংলা ডেস্ক : ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় কার্যক্রমের আওতায় নির্ধারিত পয়েন্টে ট্রাকের সামনে লাইনে দাঁড়িয়ে কার্ডধারীদের পাশাপাশি অন্য ভোক্তারাও আজ থেকে পণ্য কিনতে পারবেন।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় কার্যক্রমের আওতায় নির্ধারিত পয়েন্টে ট্রাকের সামনে লাইনে দাঁড়িয়ে কার্ডধারীদের পাশাপাশি অন্য ভোক্তারাও আজ থেকে পণ্য কিনতে পারবেন। টিসিবির দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তা মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

এ কার্যক্রমের অধীনে বর্তমানে টিসিবির কাছ থেকে ৪৭০ টাকায় পাঁচ কেজি চাল, দুই কেজি মসুর ডাল ও দুই লিটার সয়াবিন তেল কিনতে পারছেন ভোক্তারা। এক্ষেত্রে প্রতি লিটার ভোজ্যতেল বিক্রি করা হচ্ছে ১০০ টাকায়। মসুর ডালের কেজি ৬০ টাকা। আর চালের কেজিপ্রতি দর ৩০ টাকা।

টিসিবির গতকাল প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনায় নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের কাছে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্যাদি বিক্রয় কার্যক্রমের পাশাপাশি সাধারণ ভোক্তার কাছে ঢাকা মহানগরীতে ৫০ ও চট্টগ্রাম মহানগরীতে ২০টি ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য অর্থাৎ ভোজ্যতেল, ডাল ও খাদ্য অধিদপ্তরের সরবরাহ করা চাল বিক্রির ব্যবস্থা নেয়া হয়েছে। এ কার্যক্রম ২৪ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত চলবে।